কয়রা প্রতিনিধি | কয়রার খবর
খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও নিরাপদ আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কাটমাচর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চারা গাছ বিতরণ ও শুভ উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলবায়ু সহনশীল বসতবাড়ির উদ্বোধন এবং স্থানীয়দের মাঝে গাছের চারা হস্তান্তর করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) মোঃ আজিজুল হক।
তিনি কয়রার খবর - কে বলেন, "উপকূলীয় অঞ্চলে নিরাপদ আবাসনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে এই অঞ্চলকে রক্ষা করতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।"
কয়রার খবর -এর অনুসন্ধানে দেখা গেছে, উপকূলীয় জলবায়ু ঝুঁকির মুখে থাকা প্রান্তিক পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও পরিবেশবান্ধব টেকসই আবাসন নিশ্চিত করতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-সহকারী পরিচালক শেখ মোজাম্মেল হক, সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রা অঞ্চলের কো-অর্ডিনেটর মোঃ ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলী এবং কাটমাচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষ খবর সবার আগে পেতে "কয়রার খবর" - এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.com ভিজিট করুন।
